ফিরবেন কবে জানেন না ক্লার্ক!

প্রকাশিত: October 3, 2013 | সময়: 11:48 pm

স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় অ্যাশেজের ফিরতি সিরিজ শুরু হতে দুমাসেরও কম সময় বাকি। অথচ শুরু থেকেই অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের মাঠে নামা নিয়ে নতুন করে শঙ্কা দেখা গেছে। এমনকি ক্লার্ক নিজেও জানেন না খেলার মতো ফিট হবেন কবে।

পিঠের চোট নিয়ে দলের সঙ্গে ভারত সফরে যাওয়া হয়নি ক্লার্কের। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানালেন শারীরিক অবস্থা,‘আমি এখন যে অবস্থায় আছি জানি না কবে ক্রিকেটে ফিরব। কতটা সময় লাগবে আমাদের কোনো ধারণা নেই। সিডনিতে আমি আমার ফিজিওকে পেয়েছি। আমার যখন ১৭ বছর বয়স, তখন থেকে উনি আছেন। এছাড়া অ্যালেক্স কুন্তরিসের (অস্ট্রেলিয়া দলের ফিজিও) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। মেলবোর্ন থেকে সিডনিতে আমাকে দেখতে আসবেন উনি।’

ব্রিসবেনে প্রথম টেস্ট থেকে নামতে আশাবাদী ইতিবাচক ক্লার্ক। কিন্তু শেষ পর্যন্ত সেটা হবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন তিনি,‘আমি সবসময় ইতিবাচক। যদি আপনি জানতে চান তবে বলব এক সপ্তাহ সময়ের মধ্যে আমি নামছি। কিন্তু অ্যালেক্সকে জিজ্ঞাসা করুন। উনিই ভালো বলতে পারবেন। প্রথম টেস্টের জন্য আমাকে নিয়ে শঙ্কা আছে, সেটাই উনি বলবেন। তাই আমি নিশ্চিত করতে চাই সেরা সুযোগ নিতে সর্বোচ্চ চেষ্টা করব।’

২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজ টেস্ট শুরু হবে ২১ নভেম্বর থেকে।