বাংলাভূমি ডেস্ক ॥
গাজীপুরে এনা পরিবহনের বাসচাপা এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তার সতীর্থরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এই বিক্ষোভ দেখান।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেডিকেল কলেজের ডিপ্লোমা নার্সিং বিভাগের শিক্ষার্থী ইউসুফ আলী যুবরাজ (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
“কলেজের প্রধান ফটকের কাছে রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”
এ ঘটনায় রাতে ওই কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বুধবার সকালে তারা আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ আবার তাদের সরিয়ে দেয়।
নিহত ইউসুফ নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নরসিংদীর মনোহরদী থানার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের ইদ্রিস মণ্ডলের ছেলে তিনি।
নার্সিং বিভাগের শিক্ষার্থী মনির হোসেন অভিযোগ করেন, “এনা পরিবহনের দুটি বাস পাল্লাপালি করে ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।”
এর আগে গত ১৪ জুলাই ওই এলাকায় বাসচাপায় এক চিকিৎসক নিহত হন।

