ঢাকা শহরকে ঘিরে এলিভেটেড রিং রোড করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: July 28, 2018 | সময়: 6:27 pm

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানী ঢাকা শহরকে ঘিরে একটি এলিভেটেড রিং রোড নির্মাণ করা হবে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল সহজ হবে। সময়ও সাশ্রয় হবে। এছাড়া ঢাকার আশেপাশে যেসব নদী আছে সেসব নদীকে ঘিরে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। নৌযান চলাচল উপযোগী ব্রিজ তৈরি করা হবে যাতে সড়কের ওপর চাপ কমে।

শনিবার (২৮ জুলাই) বিকেল পাঁচটায় রাজধানীর হাতিরঝিল নর্থ (মেরুল বাড্ডা) ইউলুপ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ইউলুপটি উদ্বোধনের পর তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এই ইউলুপের ফলে হাতিরঝিল থেকে সহজেই রামপুরা-বনশ্রী হয়ে মালিবাগের দিকে যাওয়া যাবে। অন্যদিকে, এসব এলাকা থেকে বের হয়ে হাতিরঝিল হয়ে কারওয়ানবাজার এলাকায় যেতে পারবেন যাত্রীরা।

সমন্বিত হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এ ইউলুপ প্রকল্পটি নির্মাণ করেছে। ২১৪ মিটার দীর্ঘ এবং ৭ দশমিক ৭ মিটার প্রস্থ ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ কোটি টাকা। রামপুরা-বনশ্রী এলাকার যানজট নিরসনে ২০১৬ সালের শুরুতে এ ইউলুপ নির্মাণের কাজ শুরু করে সেনাবাহিনী। সূত্র:Bangla Tribune