বঙ্গবন্ধুর কারাজীবনের দুর্লভ আলোকচিত্রের বই ‘৩০৫৩ দিন’

প্রকাশিত: July 30, 2018 | সময়: 4:50 pm

বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের স্মৃতি নিয়ে দুর্লভ আলোকচিত্রের বই ‘৩০৫৩ দিন’ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং কারা অধিদফতর।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকের শুরতেই ‘৩০৫৩ দিন’ পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরক্ষাসেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ব্যাপক গবেষণার মাধ্যমে এই পুস্তকে সংযোজিত হয়েছে দুর্লভ আলোকচিত্র এবং জাতির পিতার বন্দি জীবনের অসংখ্য তথ্য।

বঙ্গবন্ধুর কারাজীবনের বিষয়বস্তু নিয়ে বইটির নাম খুবই সংক্ষিপ্ত এবং সুন্দর বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। সূত্র: জাগোনিউজ২৪.কম