আন্তর্জাতিক ডেস্ক ॥
জাতীয় নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়ার পর ভারতের আসাম রাজ্যের ৪০ লাখ বাসিন্দার মধ্যে বিরাজ করছে উদ্বেগ। যাদের অধিকাংশই বাংলাভাষী। তবে, দেশটির উচ্চ আদালতের আইনজীবীরা বলছেন, চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত না হলেও নাগরিকত্ব লাভের সুযোগ এখনো রয়েছে। বৈশাখী টেলিভিশনকে তারা জানালেন, বিদেশিদের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে আপিল করতে হবে তালিকা থেকে বাদ পড়াদের। যেখানে সাংবিধানিক উপায়েই রয়েছে নাগরিকত্ব লাভের সুযোগ।
ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন প্রক্রিয়া-এনআরসি হালনাগাদে দীর্ঘদিন ধরেই জোর তৎপরতা চালাচ্ছিল দেশটির সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ি বিভিন্ন প্রদেশের মতোই আসামেও চূড়ান্ত করা হচ্ছিলো নাগরিকের তালিকা। সবশেষ ৩০ জুলাই সোমবার আসামের রাজধানী গোয়াহাটিতে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস। এতে প্রায় তিন কোটি ৩১ লাখ আবেদকারীর মধ্যে প্রকাশ করা হয়েছে দুই কোটি নব্বইজনের লাখ নাম। বাদ পড়েন ৪০ লাখ সাত হাজার ৭শ’৭ জন, যাদের অধিকাংশই বাংলাভাষী। ফলে রাজ্যটিতে বসবাসকারী বাংলাভাষীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
তবে, বাঙ্গালিদের হয়ে উচ্চ আদালতে লড়ছেন এমন আইনজীবীরা জানালেন, এনআরসির চূড়ান্ত তালিকায় ঠাঁই না পেলেও আইনী লড়াইয়ের সুযোগ থাকছে। আপিল করা যাবে সংবিধান অনুযায়ী বিদেশিদের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে।
আইনজীবী এ এস তাপাদার আরো জানান, তালিকায় নাম না আসা কোন ব্যক্তি যদি আসামের আদি বাসিন্দার যথাযথ প্রমান পেশ করে নাগরিকত্ব দাবি করেন, তবে আদালত স্বীকৃতি দিতে বাধ্য।
বাদ পড়াদের নতুন করে নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় সময় দেয়া হবে বলেও আশাবাদী এই আইনজীবী।
সূত্র: বৈশাখী TV

