কাপাসিয়ায় গাঁজাচাষী ও সেবনকারীকে গণপিটুনি গ্রেফতার ছয়

প্রকাশিত: August 31, 2018 | সময়: 7:39 pm

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় ২ গাঁজাচাষী ও ১ সেবনকারীকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিল জড়াইল গ্রামের একাধিক মাদক মামলার আসামী মজিবুর রহমান কালা (৬০) দীর্ঘদিন যাবৎ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে মাদকের আসর বসাত। মাদক ব্যবসার অভিযোগে তাকে একাধিকবার থানা পুলিশ গ্রেফতার করলেও জামিনে বেরিয়ে এসে সে পুণরায় এ ব্যবসা চালু করে। আজ শুক্রবার সকালে তার বাড়িতে গাঁজার আসর বসেছে এমন সংবাদ পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে ২০টি বড় স্টিক, ২০টি পুরিয়া ও ৪টি গাঁজা সেবনের কলকি সহ হাতেনাতে আটক করে। এ সময় তার ছেলে বাচ্চু মিয়া (৩০) এবং কামড়া গ্রামের ফজলুল করিমের ছেলে আজগর আলী (১৮) কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করতে পারলেও অপর ২ জন সেবনকারী পালিয়ে যায়। বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কাপাসিয়া থানার পি এস আই রাহাদ জানান, এলাকাবাসী গনপিটুনি দিয়ে ৩ মাদক সেবীকে আটক করে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদেরকে মাদক ও সেবনের উপকরণসহ গ্রেফতার করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়ধীন।
অপরদিকে গত বৃহস্পতিবার রাতে থানা পুলিশ দুর্গাপুর ইউনিয়নের রাওনাট দড়ি মেরুন এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে রুহুল আমিনের ছেলে নাঈম (১৯), মোশারফ সরকারের ছেলে কাউছার সরকার (১৯) ও লিয়াকত আলীর ছেলে রিমন (১৮) কে ১০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে এ এস আই কফিলউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।