স্পোর্টস ডেস্ক ॥ আগামী বছর আন্তর্জাতিক ফুটবলের বিশ্বমঞ্চের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করেছে ১০ দল। এ সপ্তাহের বাছাইপর্ব শেষে বিশ্বসেরাদের মূল লড়াইয়ে জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছে অন্যরাও।
আয়োজক হওয়ার সুবাদে ব্রাজিলকে বাছাইপর্বের মুখোমুখি হতে হয়নি। লড়াই শেষে এশিয়া থেকে জাপান, অস্ট্রেলিয়া, ইরান ও দক্ষিণ কোরিয়া টিকিট পেয়েছে। ইউরোপ থেকে তাদের সঙ্গী নেদারল্যান্ডস ও ইতালিও। ইউএসএ, কোস্টারিকা ও আর্জেন্টিনা শেষ দুটি ম্যাচ খেলবে মূল পর্বের টিকিট হাতে নিয়েই।
আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি অঞ্চল থেকে শুক্রবারের লড়াই শেষে তাদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে বেশ কয়েকটি দেশ।
উয়েফা অঞ্চলের বাছাইপর্বে এ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের অবস্থান খুব শক্ত। মূল পর্বে যেতে শুক্রবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করলেও চলবে তাদের। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে হারাতে পারলে সি’ গ্রুপের এক নম্বর জায়গাটি দখল করতে পারবে জার্মানি। তবে গ্রুপের অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা সুইডেন অস্ট্রিয়াকে হারাতে ব্যর্থ হলে জার্মানদের জন্য ড্র করলে বা হারলেও সমস্যা নেই।
আগামী বছরের মূল পর্বে যাওয়ার দ্বারপ্রান্তে সুইজারল্যান্ড। আলবেনিয়াকে হারাতে পারলে লক্ষ্য পূরণ হবে তাদের। ওটমার হিজফেল্ডের দলের জন্য ড্র করলেও অসুবিধা হবে না যদি আইল্যান্ড সাইপ্রাসের সঙ্গে পয়েন্ট খোঁয়ায়। তবে সুইসরা হেরে গেলে তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আইল্যান্ড ও সেøাভেনিয়া হেরে গেলে।
এফ গ্রুপ থেকে বিশ্বকাপে যেতে লুক্সেমবার্গের বিপক্ষে জিততে হবেই রাশিয়াকে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালকে হারতে হবে ইসরায়েলের কাছে।
আর লিচটেনস্টেইনকে হারাতে পারলে ‘জি’ গ্রুপ থেকে টিকিট পাবে বসনিয়া-হারজেগোভিনা। তবে সেøাভাকিয়া-গ্রিসের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। স্লোভাকিয়ার কাছে গ্রিস হারলে ও নিজেদের ম্যাচে জয় পেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করবে বসনিয়া।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আই গ্রুপের ম্যাচে বেলারুশকে হারাতে পারলেই নিশ্চিত করবে বিশ্বমঞ্চ।
লাতিন আমেরিকা থেকে শুক্রবারের ম্যাচে চিলির বিপক্ষে একটি পয়েন্ট পেলেই বাছাইপর্বের বাধা পেরোবে কলম্বিয়া। আর হেরে গেলে উরুগুয়ে ও ইকুয়েডরের ম্যাচটি ড্রয়ের জন্য প্রার্থনা করতে হবে তাদের। তবে চিলিরও সুযোগ থাকছে। কলম্বিয়ানদের বিপক্ষে তারা জয় পেলে মূল পর্বে যেতে পারবে তারা। আর উরুগুয়ে ও ইকুয়েডরের ম্যাচজয়ী দলটিও সঙ্গী হবে তার।
কনকাকাফ অঞ্চল থেকে কোস্টারিকাকে হারাতে পারলে তৃতীয় দল হয়ে বিশ্বকাপ খেলতে পারবে হন্ডুরাস। তবে মেক্সিকোকে অজেয় থাকতে হবে পানামার কাছে।
আফ্রিকান অঞ্চলের প্লে-অফের প্রথম লেগে এ সপ্তাহে মাঠে নামবে দলগুলো। বুরকিনা ফাসো স্বাগত জানাবে আলজেরিয়াকে। সেনেগালকে মোকাবিলা করবে আইভরিকোস্ট, ইথিওপিয়া ও নাইজেরিয়া, তিউনিসিয়া ও ক্যামেরুন ও ঘানা লড়বে মিশরকে।

