অভিনয় ছাড়ছেন মালাইকা

প্রকাশিত: October 13, 2013 | সময়: 3:13 am

বিনোদন ডেস্ক ॥ অভিনয় ছাড়ছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী-আইটেম গার্ল মালাইকা অরোরা খান। ১৯৯৮ সালে দিলসে ছবির ছাইয়া ছাইয়া গানটির মাধ্যমে প্রথমবারের মতো দর্শকদের হৃদয়ে স্থান করে নেন তিনি। গানটিতে অসাধারণ পারফর্ম করেন মালাইকা। এরপর একাধিক ছবিতে অভিনয় করেছেন, আইটেম গানে অংশ নিয়েছেন।

২০১০ সালে তার নিজের প্রযোজিত ছবি দাবাং-এ মুন্নি বাদনাম শীর্ষক আইটেম গানে পারফর্ম করে আবারও দর্শক হৃদয়ে ঝড় তোলেন তিনি। এই গানের জনপ্রিয়তার রেশ ধরেই মূলত বলিউডে পরবর্তীতে আইটেম গান অপরিহার্যতা লাভ করে। এদিকে ইতিমধ্যে বিচ্ছু, কাটে এবং হাউসফুল ছবিতে অভিনয় করেছেন মালাইকা। তবে একাধিক আইটেম গানে ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করেই বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরেও ছোটপর্দার জনপ্রিয় নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নাচ বালিয়ে, ঝালাক দিখলাজা এবং ইনডিয়াস গট ট্যালেন্ট-এ বিচারকের দায়িত্বও পালন করেছেন। এদিকে সম্প্রতি নিজের অভিনয় ছেড়ে দেয়ার বিষয়টি মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছেন মালাইকা অরোরা খান।

এ বিষয়ে তিনি বলেন, আসলে আমি প্রযোজক হিসেবে এখন বেশ কিছু ছবির পরিকল্পনা করছি। বিশেষ করে আমাদের হাউজের পরবর্তী ছবি নিয়ে আমরা এখন অনেক মনোযোগী। এর বাইরে আমি আর কিছু এখন করতে চাচ্ছি না। চলতি বছরের শেষেই নতুন ছবি নির্মাণ শুরু করবো আমরা। তবে অভিনয়ের প্রতি আমার এখন আর তেমন আগ্রহ নেই। তাই অভিনয়ে আমাকে আর দেখা যাবে না। তবে ভাল মানের আইটেম গান হলে তাতে আমি অবশ্যই কাজ করবো। কারণ, নাচের প্রতি আমার অনেক আগ্রহ। সেটা চালিয়ে যাবো সব সময়।