গাজীপুরে শীতলক্ষ্যা নদীর উপর একটি সেতুসহ তিনটি উন্নয়ন মূলক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: October 11, 2018 | সময়: 7:42 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং কাপাসিয়া উপজেলা মধ্যবর্তী শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত একটি সেতু এবং দু’টি চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন।
এ উদ্বোধন অনুষ্ঠানটি গাজীপুরবাসী উপভোগ করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দির থেকে।
উদ্বোধন অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বরমী জিসি পাচুয়া হাজি বাজার ভায়া সিংহশ্রী ইউপিসি ৩১৫ মিটার দীর্ঘ একটি সেতু, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ধীরাশ্রম এলাকায় ৬তলা বিশিষ্ট নগর মাতৃসদন ও নীলের পাড়া ৩তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সঞ্চালনায় একজন সাংবাদিক ও একজন কৃষক প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম. রাহাতুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম খান, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।