আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে আ’লীগ মনোনীত প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি আজ সোমবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় তার সাথে ছিলেন স্বামী মোশতাক আহমদ, বড় বোন শারমিন আহমদ রিপি, ছোটবোন মেহজাবিন আহমদ মিমি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ।
মনোনয়নপত্র জমা দিয়ে রিমি বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য আমি আজীবন কাজ করে যাব। সকলের সহযোগিতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষ মানব সম্পদ তৈরী, সুস্থ্য বিনোদন ও সংস্কৃতিচর্চা প্রভৃতি দিক থেকে আমি কাপাসিয়াকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির জানান, এপর্যন্ত সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অন্য যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছে বিএনপি দলীয় প্রার্থী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্’র পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, বাংলদেশ ইসলামী আন্দোলন থেকে মোঃ নূরুল ইসলাম সরকার, জাকের পার্টি থেকে জুয়েল কবির, কমিউনিষ্ট পার্টি থেকে মানবেন্দ্র দেব, স্বতন্ত্র থেকে মোঃ মনির হোসেন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মোঃ নাজিম উদ্দিন শেখ।

