কাপাসিয়ায় আনসার ও ভিডিপি সমাবেশ

প্রকাশিত: November 29, 2018 | সময়: 6:46 pm

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক উন্নয়নে আনসার-ভিডিপি বাহিনীর অবদানের কথা তুলে ধরে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বাহিনীর ঢাকা রেঞ্জের উপ মহাপরিচালক মোঃ ফিরোজ খাঁন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায়, জাতীয় নির্বাচন পরিচালনায় ও যে কোনো জাতীয় সংকট ও উন্নয়নে এ বাহিনীর অংশ গ্রহণের চিত্র তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট এ কে এম জিয়াউল আলম। তিনি আসন্ন নির্বাচনে কাপাসিয়ায় দায়িত্ব পালনের জন্যে তালিকাভুক্ত ১৬৮৫ জন্য আনসার -ভিডিপি সদস্যদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে কাজ করার আহবান জানান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আনসার ভিডিপি ব্যাংক গাজীপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, সাবেক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমীর হামজা মৃধা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন ও একটি গাছের চারা রোপন করেন।