স্পোর্টস ডেস্ক ॥
গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্য গোলটি হয় আত্মঘাতী। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কনর কোডি করেন এ আত্মঘাতী গোলটি।
ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরুর ১০ মিনিটেই গোলের দেখা পান ব্রাজিলিয়ান তারকা জেসুস। সর্বশেষ ম্যানচেস্টারের হয়ে লিগ কাপের ম্যাচে চারটি গোল করেন খেলোযাড়।
এদিন খেলার বেশিরভাগ সময়ই ১০ জন নিয়ে ছিল উলভারহ্যাম্পটন। কারণ খেলার ১৯ মিনিটে বেনার্দো সিলভাকে ফাউল করলে রেফারি উইলি বোলিকে লাল কার্ড দেখান।
৩৯ মিনিটে ফের এগিয়ে যান সিটিজেনরা। রাহিম স্টার্লিংকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় দলটি। সেখান থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন জেসুস।
পরে দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার শট প্রতিপক্ষের কোডির পায়ে লেগে গোল হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়েন পেপ গার্দিওলার শিষ্যরা।

