জনতার অভ্যুত্থানের ভয়ে সরকার বেপরোয়া : রিজভী

প্রকাশিত: November 10, 2013 | সময়: 6:54 am

স্টাফ রিপোর্টার ॥ জনতার অভ্যুত্থানের ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, সরকার গণঅভ্যুত্থান আতঙ্কে ভুগছে। সে অভ্যুত্থান ঠেকাতেই বিরোধী দলের শীর্ষ নেতাদের আটক করেছে।
রোববার ১৮ দলের টানা চারদিনের হরতালের শুরুতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হরতাল প্রসঙ্গে রিজভী বলেন, সারা দেশের মানুষ আজ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেতে রাজপথে নেমে এসে হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সফলতায় পরিণত করেছে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তার নামে যে অবস্থা সৃষ্টি হয়েছে তা কুমিরের কান্নার মতো। এখন প্রশ্ন জাগে, এই নিরাপত্তার অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দির পাঁয়তারা করছে কি না। দেশের জনগণ তা জানতে চায়।
সরকার একতরফা নির্বাচন করতে বিরোধী দলের নেতাদের বেছে বেছে খুন করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে রিজভী বলেন এ কারণেই শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ তাকেও ধাওয়া করেছে।
পুলিশকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা কার গায়ে গুলি করছেন। তারা তো আপনাদেরই ভাই। পুলিশকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।