জেলা প্রতিনিধি, পিরোজপুর ॥ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায়কে কেন্দ্র করে সাঈদীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদী মাহবুবুল আলম হাওলাদারসহ মামলার সাক্ষীদের নিরাপত্তার জন্য পিরোজপুর পুলিশ লাইনে রাখা হয়েছে।
পিরোজপুর পুলিশ লাইনের নেওয়ার আগে তাদের পিরোজপুর পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
গত তিন দিন ধরে তাদের ওখানে রাখা হয় এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে তার গ্রামের বাড়িতেও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
বুধবার সকালে মাহবুবুল আলমের দিয়ানগর উপজেরার টেংকালী গ্রামের বাড়িতে গেলে নিরাপত্তার বিষয়টি লক্ষ্য করা যায়।
দিয়ানগর থানা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) আলতাব হোসেনের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
আলতাব হোসেন জানান, গত ৩/৪ আগে থেকেই মাহবুবুল আলমের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমাদের ওইখানে রাখা হয়েছে।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায় দেওয়া হবে বুধবার সকালে। যুদ্ধাপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিল মামলার রায় দেওয়া হবে এই দিন।
প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেবেন। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এ আপিল মামলাটির রায় ঘোষণা বুধবারের কার্যতালিকার এক নম্বরে রেখেছেন আপিল বিভাগ।
