বাংলাভূমি২৪ ডেস্ক, সিলেট ॥ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা পূর্নগঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হচ্ছে আজ মঙ্গলবার বিকাল ৩টায় ।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটি পুনর্গঠিত না হলে বিকালে নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা গণপদত্যাগ করবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
তিনি গণপদত্যাগে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হয়। ওই কমিটিতে ত্যাগী নেতাদের জায়গা হয়নি বলে অভিযোগ করা হয়।
এরপর থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল নেতা আহমদ চৌধুরী ফয়েজ ও রেজাউল করিম নাচনের নেতৃত্বে একটি গ্রুপ ওই কমিটি পুনর্গঠনের দাবি করে আসছে।
এ জন্য তারা সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। আজ বিকেলে শেষ হবে সেই আলটিমেটাম।
