ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী যেভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন, তাতে বিশ্বে একনায়কদের তালিকায় তার নামটিও লেখা থাকবে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলার ভয় দেখাচ্ছে। মামলাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমার নামেই ২৪টি মামলার চার্জশিট দেওয়া হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘দখলদারী এই অবৈধ একদলীয় সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। এখন আমরা সংলাপের প্রস্তাব দিয়েছি। যদি এভাবে কাজ না হয় তাহলে এ গণতন্ত্র বিরোধী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই ফ্যাসিস্ট সরকারকে হটানো না গেলে দেশের অরাজগতা আরো বেড়ে যাবে। মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে না।’
