বিনোদন ডেস্ক ॥
সত্যি চটে গেলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সিনেমার ডাবিং করতে এসে এমন ঘটনা ঘটেছে। সিনেমার একটি ঝগড়ার দৃশ্যে গালি না থাকলেও ডাবিংয়ে এসে চিত্রনায়িকা পরীমনিকে গালি দেন চিত্রনায়ক সাইমন সাদিক। তারপরই রীতিমতো চটে যান তিনি। শুধু রেগে গিয়েই ক্ষান্ত হননি ডাবিংয়ে সাইমনকেও পাল্টা গালি দেন এ নায়িকা।
কয়েকদিন আগে চিত্রনায়ক সাইমন পুড়ে যায় মন সিনেমার তার অংশের ডাবিং করেছেন। ১ আগস্ট রাজধানীর মগবাজারে ভিষণ স্টুডিওতে পরীমনি তার অংশের ডাবিং করতে এসে এমন ঘটনা ঘটান। এ সময় পরিচালক বিষয়টি বুঝিয়ে বলায় শান্ত হন পরী।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সিনেমার হিরো আমার সঙ্গে বাটপারি করেছে। আমার আগে ডাবিং করেছে। সিনেমায় একটি ঝগড়ার দৃশ্যে রয়েছে। সেখানে আমি যখন ওর সঙ্গে কথায় না পারি তখন সাইমনের চুল ধরি। এখানে কোনো গালি ছিল না। ডাবিং করতে এসে দেখি সাইমন আমাকে গালি দিয়েছে। যে গালি আমাকে দিয়েছে সে ধরনের গালি আমাকে বাস্তব জীবন ও সিনেমাতেও কেউ দেয়নি। তাই আমিও এ গালির উত্তরে গালি দিয়েছি।’
সিনেমার পরিচালক রানা বলেন, ‘শুটিংয়ের সময় কোনো গালি ব্যবহার করা হয়নি। ডাবিং করতে এসে দেখি এখানে গালি ব্যবহার করলে আরো ভালো লাগবে। তাই গালি ব্যবহার করা হয়েছে।’
সিনেমাটি পরিচালনা করেছেন যুগল পরিচালক অপূর্ব ও রানা। এ সিনেমায় সাইমন-পরী ছাড়াও অভিনয় করছেন মিজু আহমেদ, আলীরাজ, শহীদ চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। গানে কণ্ঠ দিয়েছেন-সংগীতশিল্পী পড়শী ও ইমরান।
সিনেমাটি ঢাকা, পুবাইল, কাপ্তাই, হোতা পাড়া, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়।
