স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ২৯ উপজেলার সংরক্ষিত ৩০টি নারী আসনে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (০৫ আগস্ট)।
নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব আশফাকুর রহমান জানিয়েছেন, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সারাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে গত ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু এসব উপজেলায় ৩০টি আসনের প্রতিটিতে কমপক্ষে দুই জন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। ফলে সমভোট পাওয়া প্রার্থীদের মধ্যে আবারও ভোটগ্রহণ করছে ইসি।
এবার’ই প্রথম সমভোট প্রার্থীদের মধ্যে লটারির পরিবর্তে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে। অন্যান্য স্থানীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও সমভোট প্রাপ্তদের মধ্যে লটারি প্রথা বাতিল করে গত মার্চে পুনরায় ভোটের আইন করে ইসি। তবে সংসদ নির্বাচনে সমভোট প্রাপ্তদের মধ্যে আগের মতই লটারি প্রথাই বলবৎ রয়েছে।
১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ উপজেলার প্রায় সাড়ে তিনশ’ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে ১২টি উপজেলার ১৭টি আসনে কোনও প্রার্থী না পাওয়ায় সেসব উপজেলায় আগামি ২৫ আগস্ট ভোটগ্রহণের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।
আইন অনুযায়ী, একটি উপজেলায় সংরক্ষিত নারী আসন সংখ্যা ওই উপজেলার অন্তর্গত সব স্থানীয় সরকারের মোট নারী সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের সমান। এক্ষেত্রে ওইসব নারী সদস্যরা তাদের মধ্য থেকেই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করেন।
