Skip to content

অপেক্ষায় পরীমনি

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: পরীমনির চলচ্চিত্র ক্যারিয়ার মাত্র দুই বছরের। এই সময়ে অনেকগুলো ছবিতে চুক্তি সই আর অভিনয়ের কারণে বেশ আলোচিত তিনি। প্রথম ছবি মুক্তির জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে দুই বছরেরও বেশি সময়। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’। একই মাসে মুক্তি পায় দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’। পাঁচ মাস বিরতির পর টানা সপ্তাহে মুক্তি পাচ্ছে তিন তিনটি ছবি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত পরীমনি। পুরো ব্যাপারটিকে নিজের চলচ্চিত্র ক্যারিয়ারের সুসময় বলতে চাইছেন তিনি।

পাঁচ মাস পর আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে পরীমনির তৃতীয় চলচ্চিত্র ‘আরও ভালোবাসবো তোমায়’। এস এ হক অলীক পরিচালিত ছবিটিতে পরীমনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। ঠিক পরের সপ্তাহে মুক্তি পাবে ‘লাভার নাম্বার ওয়ান’। আর আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ ছবিটি। এই ছবিতে পরীমনির সহশিল্পী সাইমন।
পরীমনি বললেন, ‘ক্যারিয়ারের দারুণ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এটাকে সুসময়ই বলতে চাই। চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহে আমার ছবি! ভাবতেই কিন্তু অন্যরকম লাগছে। শুরুর দিকে একটানা অনেকগুলো ছবিতে কাজ শুরু করেছিলাম। চুক্তিবদ্ধও হই বেশ কয়েকটি ছবিতে। কিন্তু প্রথম ছবি মুক্তির জন্য যেন অপেক্ষা শেষই হচ্ছিল না। একই মাসে দ্বিতীয় ছবি মুক্তি পাওয়ার পর আবার লম্বা বিরতি। এবার তো মাস খানেকের ব্যবধানে তিন ছবি। আমার মতো একজন নবাগত অভিনেত্রীর জন্য এ এক বিরাট পাওয়া। আমি অনেক বেশি খুশি।’
১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিটি। এই ছবিটি প্রসঙ্গে পরীমনি বললেন, ‘এটা ঠিক যে, অল্প দিনের ক্যারিয়ারে আমি অনেক ছবিতে অভিনয় করেছি। তার মধ্যে রোমান্টিক ছবির সংখ্যাও কিন্তু কম না। কিন্তু আরও ভালোবাসবো তোমায় ছবিটি এখন পর্যন্ত আমার জীবনের অন্যতম সেরা একটি রোমান্টিক ছবি। এই ছবিতে ভালোবাসার কথা বলা হয়েছে অন্য রকমভাবে। রোমান্টিক ছবির ক্ষেত্রে আরও ভালোবাসবো তোমায় অন্যতম একটা মাইলফলক হবে।’
এদিকে ‘রানা প্লাজা’ ছবিটি নিয়ে বেশ রোমাঞ্চিত পরীমনি। বললেন, ‘এই ছবিটি আমাকে সবার কাছে একজন অভিনেত্রী হিসেবে পরিচিত করবে। এটি আমার অভিনীত দ্বিতীয় ছবি। এখানে দর্শকেরা আলাদা পরীমনিকে খুঁজে পাবেন। শুনেছি ছবিটি নিয়ে অনেক কিছুই হয়েছে। সব বাঁধা পেরিয়ে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আমি আনন্দিত।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫