Skip to content

ছুটির দিনে মেঘ-বৃষ্টি-রোদের খেলা

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আর এর প্রভাবে শুক্রবার ছুটির দিনে রাজধানীর আকাশে চলছে সূর্য আর মেঘের খেলা। সেই সঙ্গে মাঝে মাঝেই ঝরছে হালকা মেজাজের বৃষ্টি। তবে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো: শাহ আলম বলেছেন, ‘বর্ষাকাল শেষ হয়নি। তাই বৃষ্টি হবেই। শুধু আগষ্ট মাসেই নয়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও চলবে এই বৃষ্টি। তবে অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলেও জানান তিনি।

এদিকে উত্তর অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কেন্দ্রস্থল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. গতিতে বাতাস বইছে যার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৩৩ মিনিটে। এবং পরবর্তী ৪৮ ঘণ্টার শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫