Skip to content

বাড্ডায় তিন খুন : অবশেষে মামলা তবে আসামি অজ্ঞাত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা নিহত হওয়ার দুই দিন পর অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে বাড্ডা থানায়।

মামলাটি দায়ের করেছেন নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান।

শনিবার রাত ১২টার পর মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় ১৫ আগস্টের কর্মসূচি নিয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার মধ্যে আলোচনা চলছিল। ওই সময় কয়েকজন যুবক অতর্কিতভাবে গুলি করে পালিয়ে যায়।

ওই সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন মোল্লা, স্থানীয় একটি হাসপাতালের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক ও স্থানীয় একটি রিকশা গ্যারেজ ম্যানেজার আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়।

এরপর গুলিবিদ্ধ অবস্থায় গামা, শামসুদ্দিন ও ফিরোজকে ইউনাইটেড হাসপাতালে এবং সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শামসু ও ফিরোজকে হাসপাতালে নেয়ার পরই ডাক্তার মৃত ঘোষণা করে। অপরদিকে গামা শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন জানান, ঘটনার সময় ১৫ আগস্টের কর্মসূচি নিয়ে নেতাদের মধ্যে আলোচনা হচ্ছিল। ওই সময় ৪/৫ যুবক গুলি করতে শুরু করে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫