Skip to content

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর আপিল

স্টাফ রিপোর্টার ॥ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার তার আইনজীবীরা চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে গেলে আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেন।
লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বিষয়টি জানিয়েছেন।

এর আগে, বিচারপতি মো. এমদাদুল হক ও মুহম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ লতিফের রিটটি খারিজ করে দেন। গতকাল বুধবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেছিলেন বিচারক।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।
এর আগে, ১৬ আগস্ট সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে রিট করেন লতিফ সিদ্দিকী। নির্বাচন কমিশন, আইন সচিব, নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) ও জাতীয় সংসদের স্পিকারকে রিটে বিবাদী করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামায়াতসহ অন্যান্য বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপর প্রথমে মন্ত্রিসভা থেকে এবং পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় তাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫