স্টাফ রিপোর্টার ॥ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওলামা লীগের সেক্রেটারি দেলোয়ার হোসাইন জানান, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কে বা কারা হেলালীকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
তিনি আরো জানান, নামাজ শেষে উনার আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার কথা ছিল। সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিলে তার মোনাজাত পরিচালনা করার কথা ছিল। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানান তিনি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম খান বলেন, ‘আমার ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে মসজিদ গেট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা একজনকে আটক করেছে।’
