মুন্সীগঞ্জ প্রতিনিধি ॥ মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মাওয়ায় আবারো পদ্মার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ও বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে বালু ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। তাতে কাজ হয়নি।
পদ্মার পানি বাড়তে থাকায় এবং তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে গত রোববার রাত থেকে ওই এলাকায় ভাঙন দেখা দেয়।
মঙ্গলবার রাতে আরেক দফা ভাঙনে পদ্মায় বিলীন হয়ে যায় কনস্ট্রাকশন ইয়ার্ডের বিপুল এলাকা। ওই সময় বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী ও কনস্ট্রাকশন ইয়ার্ডের শেড নদীতে চলে যায়। এতে পদ্মা সেতুর নির্মাণকাজ চরমভাবে বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পদ্মা সেতু প্রকল্প এলাকায় আরো বড় ধরনের ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।
