Skip to content

শিক্ষাবঞ্চিত মধ্যপ্রাচ্যের ১ কোটি ৩০ লাখ শিশু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান লড়াই ও সংঘর্ষের কারণে শিক্ষার সুযোগ পাচ্ছে না ওই অঞ্চলের এক কোটি ৩০ লাখের বেশি শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক অঙ্গ সংগঠন ইউনিসেফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।

বৃহস্পতিবার প্রকাশিত ইউনিসেফের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, নানা সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর শিশুরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের হিসাব মতে যুদ্ধের কারণে সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লিবিয়ার প্রায় ৯ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। সবমিলিয়ে ওই অঞ্চলের শিক্ষা বঞ্চিত শিশুর সংখ্যা হচ্ছে ১ কোটি ৩৭ লাখ। এদের ৪০ ভাগই হচ্ছে সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া ও সুদানের বাসিন্দা। জাতিসংঘের আশঙ্কা, আগামী মাসগুলোতে ওইসব দেশের শিক্ষাবঞ্চিত শিশুদের সংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।

ইউনিসেফ প্রতিবেদনে আরো বলা হয়েছে, গতবছর সিরিয়া, ইরাক, লিবিয়া, ফিলিস্তিন, সুদান ও ইয়েমেনে ২১৪টি স্কুল হামলার কবলে পড়েছিল। এছাড়া ২০১১ সালের মার্চ মাসে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে সিরিয়ার মোট এক চতুর্থাংশ স্কুল, যার কারণে প্রভাবিত হচ্ছে দেশটির ২০ লাখের বেশি শিশু।

ইউনিসেফের ‘এডুকেশন আন্ডার ফায়ার’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোর স্কুলগামী শিশু ও তাদের শিক্ষকরা হত্যা, অপহরণ ও নির্বিচারে গ্রেপ্তারের শিকার হচ্ছেন। এসব আতঙ্কের কারণে স্কুলের চাকুরিতে ইস্তফা দিয়েছেন হাজার হাজার শিক্ষক। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে অসহায় পরিবারগুলোকে সহায়তার জন্য স্কুল ছেড়ে কাজে ঢুকেছে বহু শিশু। উপরন্তু কিশোর বয়সেই লড়াইয়ে জড়িয়ে পড়েছে অনেক শিশু।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান পিটার সালামা বলেছেন, ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য চলতি বছর ৩০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫