স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচারে সাজাপ্রাপ্ত আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকোর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত সিএমএম কায়সারুল আলমের আদালতে হাজির করে জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।
হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ।
শনিবার হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকোকে তার ধানমণ্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ২০০৮ সালের গুলশান থানায় দায়ের একটি হত্যা চেষ্টার মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়।
ধানমণ্ডি থানার পুলিশ ওয়ারেন্ট মূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে শনিবার সিএমএম আদালতে হাজির করে। এরপর শুনানির জন্য রোববার দিন ধার্য করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
