Skip to content

ঈদে বাড়ি ফেরা ॥ রেলে অতিরিক্ত কোচের ঘোষণা শুধুই আশ্বাস!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

চট্টগ্রাম: ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের বাড়ি ফেরাকে নির্বিঘ্ন করতে ঈদ উপলক্ষে ১৩৮টি যাত্রীবাহী কোচ সংযুক্ত করার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

অতিরিক্ত কোচ সংযোজনের এ ঘোষণাকে শুধুই আশ্বাস হিসেবে দেখছেন খোদ রেলের কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, রেলে বর্তমানে দৈনিক যে সংকট রয়েছে তা পূরণ করাই সম্ভব হচ্ছে না। ফলে আশ্বাস দিলেও অতিরিক্ত যাত্রীবাহী কোচ সংযুক্ত করা সম্ভব হবে না।

রেলে দৈনিক কোচ সংকটের চিত্র তুলে ধরে মেকানিক্যাল বিভাগে চিঠি দিয়েছে পরিবহন বিভাগ। পাওয়ার কার সচল রাখতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে অতিরিক্ত ১৩৮টি যাত্রীবাহী কোচের মধ্যে পূর্বাঞ্চলে যুক্ত হবে ৭৫টি। স্পেশাল ট্রেন চলাচল শুরুর আগেই পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এসব কোচ সরবরাহের সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, পূর্বাঞ্চলে আন্তঃনগর ট্রেনে বিভিন্ন শ্রেণির ২৮টি কোচ সংকট রয়েছে। ট্রেনের সাধারণ স্ট্যান্ডার্ড কম্পোজিশনের কম কোচ নিয়ে চলাচল করছে এসব ট্রেন।

অতিরিক্ত ৭৫ কোচ থেকে আন্তঃনগর ট্রেনের ২৮টি কোচ পাওয়া যাবে না। ফলে যেখানে দৈনিক ঘাটতি পূরণ হবে না সেখানে ঈদে অতিরিক্ত কোচের ঘোষণা শুধুই ঘোষণা ছাড়া আর কিছু নয়।

পরিবহন বিভাগ থেকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহানগর প্রভাতি, মহানগর গোধূলি এবং বিজয় ট্রেনে একটি করে প্রথম শ্রেণির বার্থ কোচ কম চলাচল করছে।

এসি কোচ ও পাওয়ার কার এর এয়ার কন্ডিশন কোচগুলোর এসি পদ্ধতি সচল রাখার পদক্ষেপ গ্রহণ এবং চলার পথে যাতে অচল না হয় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে প্রধান যন্ত্র প্রকৌশলী ও প্রধান বৈদ্যুতিক প্রকৌশলীকে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহাম্মদ বাংলানিউজকে বলেন, স্পেশাল ট্রেন চলাচল শুরু হওয়ার আগে অতিরিক্ত কোচ সংযোজন শুরু হবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগকে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

নিয়মিত ঘাটতি পূরণ করে ৭৫টি কোচ যুক্ত করা হবে কিনা জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, এদিকে ঈদুল আযহাকে সামনে রেখে ১৫ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি টিকিট ২৩ সেপ্টেম্বর বিক্রি শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হবে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর রেলভবনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এসব তথ্য জানিয়েছেন।

রেলমন্ত্রী জানান, ১৫ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রাম থেকে বিক্রি হবে ২০ সেপ্টেম্বরের টিকিট। ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের, ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে ২৪ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট।

একইভাবে ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ফিরতি টিকিট। এদিন বিক্রি হবে ২৭ সেপ্টেম্বরের টিকিট। ২৪ সেপ্টেম্বর ২৮, ২৫ সেপ্টেম্বর ২৯, ২৬ সেপ্টেম্বর ৩০ এবং ২৭ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের টিকিট। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫