Skip to content

গাজীপুরে বিয়ের চার বছর পর স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের পূবাইলে হাসনা আক্তার (২০) নামের এক নারীকে গলা কেটে ও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রফিকুল ইসলামের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে।

আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে হাসনা আক্তারের বিয়ে হয়। কিছুদিন আগে রফিকুল প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর গত চার বছরে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে স্বামী—স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে।

এর জেরে রোববার দুপুরে রফিকুল তাঁর শ্বশুরবাড়ির ভাড়া বাসা গাজীপুর মহানগরীর গাছা থানাধীন খাইলকুর এলাকা থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে নির্জন স্থানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁরা অভিযুক্ত রফিকুলকে আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় হাসনাকে উদ্ধার করেন।

খবর পেয়ে পূবাইল থানা—পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে নিজেদের হেফাজতে নেয়। পরে মুমূর্ষু অবস্থায় হাসনাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলটি রেললাইনসংলগ্ন হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পূবাইল থানা—পুলিশ অভিযুক্ত ব্যক্তি ও মরদেহ সংশ্লিষ্ট রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫