বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবকাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার—ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে নবনির্মিত ও সংস্কারকৃত দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) একাডেমির ‘উত্তরণ আবাসিক এলাকা’ এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজের সমাপ্তি উপলক্ষে ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও গতিশীল, দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে দেশব্যাপী সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে তেজগাঁওয়ে বাহিনীর নতুন সদর দপ্তর উদ্বোধন, কর্মকর্তা আবাসন ও নতুন সৈনিক ব্যারাক নির্মাণসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একাডেমির আবাসিক ও দাপ্তরিক অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধিতে গৃহীত এ দুটি উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
নবনির্মিত ‘উত্তরণ আবাসিক এলাকা’ একাডেমিতে কর্মরত সদস্যদের জন্য আরও উন্নত ও মানসম্মত আবাসন নিশ্চিত করবে। অন্যদিকে, প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কারের ফলে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় স্থান ও সুযোগ—সুবিধা বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে একাডেমির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে।
বাহিনীর অবকাঠামোগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের এ ধারাবাহিক উদ্যোগ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে একটি আধুনিক, দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় করবে।
