স্টাফ রিপোর্টার ॥ সংসদীয় এলাকার উন্নয়ন ও দরিদ্রদের সহায়তায় ও সমাজসেবা কার্যক্রম পরিচালনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আলাদাভাবে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আপদকালীন, দুঃস্থদের চিকিৎসাসহ অনান্য কাজে অর্থ বরাদ্দের কর্তৃত্ব জেলা প্রশাসকের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালককে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত সমাজকলাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও সমাজকলাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত এবং মো. আব্দুল মতিন অংশ নেন। সমাজকলাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর গঠনের সর্বশেষ অগ্রগতি, বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ নারীদের নির্বাচন পদ্ধতি ও ভাতা প্রদান বিষয়ে আলোচনা হয়।
এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমের ক্রমবর্ধমান ব্যাপ্তি ও এসব কার্যক্রমের স্থায়ীত্বের জন্য প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয়েছে। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠি দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে নিরাপত্তা বিধান ও প্রশিক্ষণ প্রদানপূর্বক দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের জীবনমান উন্নীত করার লক্ষ্যে এই সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
বৈঠকে দুর্যোগকালীন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে থোক বরাদ্দ আছে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে দুর্যোগকালীন সময়ে ওই ধরনের একটি থোক বরাদ্দ রাখার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
