বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ পর্যন্ত কমপক্ষে সাতটি বৈঠক করার কথা থাকলেও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠক হয়েছে মাত্র চারটি। এর মধ্যে মাত্র একটি বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী কমিটির কোনো বৈঠককেই পাত্তা দেন না বলে কমিটির সদস্যদের অভিযোগ।
মন্ত্রীর ধারাবাহিক অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নালিশ যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির ৪র্থ বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদীয় কমিটির অন্যান্য সদস্যরা। পরে কমিটির সদস্যদের প্রস্তাব অনুযায়ী বৈঠক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কমিটির সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হবে। সেখানে যদি মন্ত্রী না থাকেন তাহলে আলোচনা করে কি লাভ?
তিনি আরো বলেন, আমরা সুপারিশ করছি, মন্ত্রণালয় তা গুরুত্ব দিচ্ছে না। আবার আলোচনার সময় মন্ত্রীও থাকছেন না। হাই অফিশিয়ালদের নিয়ে এই আলোচনা অনর্থক। এতে কর্মকর্তাদের শুধু সময় নষ্ট হচ্ছে। মন্ত্রীর উপস্থিতিতেই আলোচনা করতে হবে।
তিনি বলেন, আমিও তো মন্ত্রী ছিলাম। কিন্তু এভাবে সংসদীয় কমিটির বৈঠক এড়িয়ে চলিনি। বিষয়টি ফয়সালা করে তারপর বৈঠক করতে হবে।
বৈঠকে উপস্থিত অন্যান্যরা আব্দুর রাজ্জাকের বক্তব্যকে সমর্থন জানান। এ সময় সভাপতি জানান, মন্ত্রীর কাছ থেকে সময় নিয়েই বৈঠক ডাকা হয়েছে। তারপরও যদি তিনি না আসেন তাহলে কি করণীয় আছে?
পরে, বিষয়টি সংসদ নেতা ও স্পিকারকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে মন্ত্রীর উপস্থিতিতেই কমিটির বৈঠক করার কথা জানিয়ে বৈঠকের কার্যক্রম স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী জানান, মন্ত্রীর অনুপস্থিতিতে কমিটির সদস্যরা একটু অসন্তোষ প্রকাশ করেছেন। তারা যেহেতু মন্ত্রীর অনুপস্থিতিতে কোনো আলোচনা করতে রাজী হননি তাই বৈঠকটি স্থগিত করতে হয়েছে।
তিনি বলেন, মন্ত্রীসভার সিনিয়র সদস্য আমাদের মন্ত্রী। আবার তিনি সিনিয়র নেতাও। ফলে তিনি হয়তো কোনো কাজে আটকে গেছেন, তাই আসতে পারেননি। আমি মন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। তার সময়মতো আবারো বৈঠক ডাকা হবে।
সংসদ নেতা ও স্পিকারকে জানানোর সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদের অবিভাবক। আমাদের সবকিছুই তো তারা দেখেন। এক্ষেত্রে তাদের জানানোর জন্য নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।
কমিটি সূত্র জানায়, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংসদীয় কমিটির প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন। পরবর্তী তিনটি বৈঠকে তিনি উপস্থিত হননি। অথচ কমিটির বৈঠক ডাকার আগেই তার কাছ থেকে সময় নিয়েই সভাপতি বৈঠকগুলো আহ্বান করেছেন। গত ৩১ মার্চ কমিটি গঠনের পর নিয়মানুযায়ী অন্ততঃ সাতটি বৈঠক করার কথা থাকলেও মন্ত্রী সময় দিতে না পারায় নিয়মিত বৈঠক করা সম্ভব হয়নি বলে কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম
