স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রতে র্যাবের একটি বিশেষ টিম মুরগী পরিবহনের পিকআপ থেকে ৬৪ কেজি গাঁজাসহ ১ জন কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
র্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজ্ড কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও বিশ্বস্থ সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ভৈরব হতে একটি ব্রয়লার মুরগীবাহী পিকআপ (রেজিঃ নম্বর: ঢাকা-মেট্রো-ন-২০-৫৩৯৪) করে গাঁজার বড় চালান গাজীপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি জি. এম মাজহারুল ইসলামের নেতৃত্বে কাপাসিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শামীম স্টোর এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসানো হয়। পরে পিকআপটিতে তল্লাসী করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ময়মনসিংহের ধবাউড়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার আব্দুর রশিদের পুত্র আসামী নীরব আহম্মেদ ইমরান (১৮) আটক করা হয়। এসময় তার দখল হতে সর্বমোট ৬৪ (চৌষট্টি) কেজি গাঁজা, ১ টি ব্রয়লার মুরগীবাহী পিকআপ, ১ টি মোবাইল ফোন ও নগদ ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।

