Skip to content

চট্টগ্রামে পুলিশের অস্ত্র ছিনতাই, দিনভর অভিযান, আটক ৬০

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ চট্টগ্রামে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র নিয়ে টানাটানি করতে গিয়ে শিবিরকর্মীদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। গতকাল সকালে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় ঘটে এ ঘটনা। সূত্র জানায়, কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় গতকাল বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ সদস্য ও জামায়ত-শিবিরের পাঁচজন আহত হন। পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর এবং ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় জামায়াত-শিবিরের কর্মীরা এক পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে তাকে পিটিয়ে জখম করে। পরে তারা পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে সেটি ভেঙে ফেলে। ঘটনা থেকে বাঁচতে এক পুলিশ সদস্য দৌড়ে সেখান থেকে কোন রকম জীবন নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারে বাদুরতলাসহ আশপাশের এলাকায় রাত ৯টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে বাদুরতলা ও চট্টগ্রাম কলেজ থেকে ৬০ জনকে আটক করেছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য একটি সূত্র জানায়, আহত দুই কনস্টেবল হলেন- জুয়েল (৩০) ও মো. হাসেম (৫০)। এরা দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে চিকিৎসাধীন। জামায়াত-শিবিরের কর্মীরা হঠাৎ করে ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে। এ সময় ওই এলাকার সাধরণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাজিম জানান, সকালে আকস্মিকভাবে পাঁচলাইশ থানার টহল পুলিশের গাড়িতে হামলা চালায় জামায়াত-শিবিরের কর্মীরা। এতে দুই কনস্টেবল গুরুতর আহত হন। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলসহ নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা হরতাল শেষে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫