বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: এইচএসসি পরীক্ষায় পাসের হার আর জিপিএ-৫ পাওয়ার রেকর্ড গড়ার প্রতিযোগিতা চলছে কয়েক বছর ধরেই। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাচ্ছে জিপিএ-৫।
পাস আর জিপিএ রেকর্ড গড়া পরীক্ষার্থীরা হোঁচট খাচ্ছে জীবন গড়ার শুরুতেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতায় নেমে বড় ধরনের হোঁচট খাচ্ছে তারা।
একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটে মাত্র পাঁচ ভাগ শিক্ষার্থী পাস করেছে। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে,পাসের হার পাঁচ থেকে ২০ ভাগের বেশি না।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৬ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মাত্র ৩০ হাজার ৬২০ জন, যা শতকরা ১৭ দশমিক ১৮ শতাংশ।
এবারের পরীক্ষায় উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন। জিপিএ-৫ পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করতে পারেনি।
২০১৪-১৫ শিক্ষাবর্ষের ঢাবির ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, ‘ক’ ইউনিটে পাস করেছে ২১.৫০, ‘খ’ ইউনিটে ৯.৫৫ শতাংশ এবং ‘গ’ ইউনিটে ২০.৬১ শতাংশ।
সবচেয়ে উদ্বেগের বিষয় মঙ্গলবার প্রকাশিত ঢাবির ‘বি’ ইউনিটের ফল নিয়ে। সেখানে পাসের হার ৯.৫৫ শতাংশ। অর্থাৎ পাস করতে পারেনি ৯১ ভাগ শিক্ষার্থী।
একই চিত্র ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাতেও হয়েছিল। সে বছর জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শতাংশের বেশি পরীক্ষার্থী পাস নম্বর তুলতে ব্যর্থ হয়।
২০১২-১৩ শিক্ষাবর্ষে ৫৫ ভাগ এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে ৫৩ ভাগ জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী পাস করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের প্রকাশ ফলাফলে পাসের গড় হার ১৭.১৮ শতাংশ। এর মধ্যে ‘ক’ ইউনিটে পাস করেছে ২১.৫০, ‘খ’ ইউনিটে ৯.৫৫ শতাংশ এবং ‘গ’ ইউনিটে ২০.৬১ শতাংশ।
২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাবির পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ২ লাখ ১৭ হাজার ছাত্রছাত্রী। এর মধ্যে উত্তীর্ণ হন ৪১ হাজার ৮৯১ জন। পাস নম্বর তুলতে ব্যর্থ হন ১ লাখ ৭৫ হাজার পরীক্ষার্থী।
২০১২-১৩ শিক্ষাবর্ষে ৮৩ ভাগ এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে ৮১ ভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি।
ভর্তি পরীক্ষার ফলে একই চিত্র দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভতি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ৪৬ হাজার ৯শ’ ৮৯ জন ভর্তি পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ হাজার ৭শ’ ৬৭ জন। পসের হার ১৬.২৪ শতাংশ। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে মাত্র ৪.৮১ শতাংশ পরীক্ষার্থী।
এদিকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তির হওয়ার যোগ্যতা অর্জন করেছে মাত্র ২ জন পরীক্ষার্থী। এ বিভাগে আসন সংখ্যা ১২৫টি। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
