Skip to content

রেলের ৮৭ ইঞ্জিন বিকল শিডিউল বিপর্যয়ের শঙ্কা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেনের কোচ ড্যামেজ ও ইঞ্জিন বিকল আশঙ্কাজনকহারে বাড়ছে। এতে ঈদে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। মেকানিক্যাল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয়হীনতার কারণে গত তিন মাসে রেলের ইঞ্জিন বিকল হয়েছে ৮৭টি। একই সময়ে ২৭টি রানিং বগির ক্ষতি হয়েছে।

অক্টোবর মাসেই ২৫টিরও বেশি ইঞ্জিন বিকল হয়েছে বলে রেল সূত্রে নিশ্চিত করেছে। অভিযোগ রয়েছে, পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (সিএমই) হারুনুর রশীদের অসহযোগিতা ও শ্রমিক-কর্মচারীদের অসন্তোষের কারণে এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে প্রকৌশলী হারুনুর রশীদকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। সর্বশেষ তাকে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
রেলওয়ে সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, রেলের ইঞ্জিন বিকল ও বগির ক্ষতি এখন নিয়মে পরিণত হয়েছে। চিহ্নিত কয়েকজন কর্মকর্তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তবে রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও রেলওয়ে সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির প্রচেষ্টায় রেলে ব্যাপক পরির্বতন এসেছে। চলছে বেদখল জায়গা উদ্ধার তৎপরতা। সূত্রে জানা গেছে, দ্রুত বগি মেরামত করতে প্রধান যন্ত্র প্রকৌশলী বরাবরে গতকাল চিঠি দিয়েছেন চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. মিয়াজাহান। চিঠিতে ২৭টি কোচ যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে বিলম্ব ও তিন মাসে ৮৩টি ইঞ্জিন বিকল হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর মধ্যে জুলাই মাসে ৩৮, আগস্টে ২৪ ও সেপ্টেম্বরে ২৫টি ইঞ্জিন বিকল হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরও বেশি ইঞ্জিন বিকল হওয়ার আশঙ্কা রয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫