Skip to content

এবার লতিফের ফাঁসি দাবি করলেন এরশাদ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ডাক, টেলিযোগোযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি নামাজ রোজা করেন। কয়েকবার হজও করেছেন। আপনার মন্ত্রিসভায় এমন রকম সংসদ সদস্যের থাকার অধিকার নাই। আমরা তার বিচার দাবি করি, ফাঁসি দাবি করি এবং মৃত্যুদণ্ড দাবি করি।’
মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির আয়োজনে কাকরাইলে পার্টি কার্যালয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকী ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) ও পবিত্র হজ সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তোলেন।
এরশাদ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর রাসুল সম্পর্কে কটূক্তি করে সে মুসলমান নয়, সে মুরতাদ। সারা বাংলাদেশে জাপা বিক্ষোভ সমাবেশ করছে। আমরা মনে করি, এর প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব। এ দায়িত্ব পালন না করলে আমরা মুসলমান থাকতে পারবো না।’
উনি হজ সম্পর্কে কটূক্তি করার মাধ্যমে বঙ্গবন্ধু ও আপনাকে অস্বীকার করেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘হজ সম্পর্কে কটূক্তি করা পাপ। তার জন্য আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুণ্ণ হয়েছে। তাকে ফাঁসি দিন।’
আওয়ামী লীগ সভানেত্রীর উদ্দেশে এরশাদ আরো বলেন, ‘লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে ফেলে দিন, তাকে দল থেকে বহিষ্কার করে দলকে কলঙ্কমুক্ত করুন। তাকে সংসদ থেকে থেকে বহিষ্কার করুন। তিনি আমাদের সঙ্গে সংসদে বসতে পারবেন না।’
লতিফ সিদ্দিকী তার বক্তব্যের মাধ্যমে সংবিধানকে লঙ্ঘন করেছেন দাবি করে জাপার চেয়ারম্যান বলেন, ‘তিনি তার বক্তব্যের মাধ্যমে সংবিধানকে লঙ্ঘন করেছেন। যে সংসদ সংবিধান লঙ্ঘন করে তার বিচার হওয়ার দরকার। আমি এর বিচার চাই।’
এ সময় আরো বক্তব্য দেন- পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, যুগ্ম মহাসচিব আরিফুর রহমান খান, আব্দুল মান্নান এমপি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্য নেতারা।
উল্লেখ্য, নিউইয়র্কে একটি অনুষ্ঠানে নবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন আব্দুল লতিফ সিদ্দিকী। এরপরই সারাদেশে সমালোচনা ঝড় শুরু হয়েছে। ইতিমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন।
লতিফের এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদে মঙ্গলবার এরশাদ তাকে গ্রেপ্তারের দাবি জানান। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫