Skip to content

একরাম হত্যা মামলা ॥ চার্জশিটভুক্ত আরেক আসামি গ্রেপ্তার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ফেনী: বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যার পলাতক চার্জশিটভুক্ত আসামি মো. ইউসুফ ভূঁঞা ওরফে টপ শামীমকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন( র‌্যাব) -৭।

শনিবার রাত ১০টার দিকে ফেনী ট্রাংক রোডস্থ শহিদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টপ শামীম শহরের বিরিঞ্চ এলাকার কবির মিস্তিরির ছেলে।

ফেনীর র‌্যাব-৭ এর অধিনায়ক মেজর মো. মহিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। শামীম একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আরেক আসামি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল ও পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারের সহযোগী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ট্রাংক রোড ও শহীদ মিনার এলাকায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় শহরের ক্রাইম জোন খ্যাত বিরিঞ্চির চিহ্নিত সন্ত্রাসী টপ শামীম ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করে।

২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে একরামকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর তার গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ মামলায় বিগত উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনির ছেলে আবিদসহ ৫৬ জনের নামে চার্জশিট প্রদান করে পুলিশ। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫