বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আরও ৪ হাজার ২০০ কোটি টাকা বাড়তি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩) শীর্ষক চলমান প্রকল্পের অধীনে সংস্থা দুটি এই বাড়তি টাকা সহায়তা দিচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এতথ্য জানা গেছে। ইআরডি সূত্রে জানাযায়, শিক্ষার মান উন্নয়নে পিইডিপি-৩ প্রকল্পে ৪০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। একই সঙ্গে এডিবির পক্ষ থেকে দেয়া হচ্ছে ১২ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় এক হাজার কোটি টাকা। এ অর্থায়নের বিষয়ে এরই মধ্যে প্রাথমিক সম্মতি দিয়েছে সংস্থা দুটি। ইআরডির পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে বিশ্বব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম বলেন, প্রাথমিক শিক্ষা খাত উন্নয়নে দাতাদের সহায়তায় বাস্তবায়নাধীন মেগা এ কর্মসূচির জন্য অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংক এ সহায়তা দিচ্ছে। শুধু বিশ্বব্যাংকই নয়, এডিবিও অতিরিক্ত অর্থায়ন করতে যাচ্ছে। এ বিষয়ে শিগগিরই নেগোসিয়েশন সম্পন্ন হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসূচিটি বাস্তবায়নে উন্নয়ন সহযোগীরা সন্তুষ্ট হয়েছে বলেই অতিরিক্ত অর্থায়ন করছে। আগামী কয়েক বছর কর্মসূচিটি বাস্তবায়নে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র আরও জানায়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে ২০১১ সালে এ কর্মসূচি হাতে নেয় সরকার। দাতা গোষ্ঠীর সহায়তানির্ভর মেগা কর্মসূচি বাস্তবায়নে ব্যয় ধরা হয় ২২ হাজার ১৯৬ কোটি টাকা। এর শুরুতেই বিশ্বব্যাংক অর্থায়ন করেছিল প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা এবং এডিবি দিয়েছিল প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা। এ ছাড়াও এ কর্মসূচির জন্য অন্যান্য দাতা সংস্থাও সহায়তা করেছিল।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, পিইডিপি-৩ কর্মসূচির অধীনে দেশব্যাপী ৩ হাজার ৬৮৫টি শ্রেণীকক্ষ নির্মাণ, ২ হাজার ৭০৯টি বিদ্যালয় পুনর্নিরমাণ, একজন শিক্ষকের অনুকূলে ৪০ জন ছাত্রের সমন্বয় তথা অনুপাত ১:৪০-তে নামিয়ে আনা, ১ লাখ ২৮ হাজার ৯৫৫টি টয়লেট স্থাপন, ৪৯ হাজার ৩০০টি নলকূপ স্থাপন, ৫৩ হাজার ৭৫০টি প্রসাবখানা নির্মাণ, ১১ হাজার ৬০০টি শ্রেণীকক্ষ মেরামত ও জেলা-উপজেলায় রিসোর্স সেন্টার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার কোটি টাকা
আপডেট :October 13, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
