স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীর একটি বাসায় অভিযান চালিয়ে ১৩০টি ককটেল, পেট্রোল ও গানপাউডারসহ শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে বনানী থানা পুলিশ।
মঙ্গলবার রাত আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে। বনানী থানার ওসি ভুঁইয়া মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মহাখালী টিবি গেটের কাছে আমিনুল ইসলাম ভিলার দ্বিতীয় তলায় শিবিরের মেস থেকে তাদের আটক করা হয়। এসময় দুই লিটার পেট্রোল, ১০ কেজি পাথরের কুচি, এক কেজি গানপাউডার, ১০টি নতুন কসটেপ, তিন কেজি ত্রিফলা পেরাগ, তুলা, একটি কাচি ১৫টি খালি কৌটা, এক কেজি জর্দা ও শিবিরের সাংগঠনিক বিভিন্ন বই জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বনানী থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান (২৩), জয়নাল আবদিন (২১), আরিফুজ্জামান (১৮), খালিদ সাইফুল্লাহ (১৯) ও আতিয়ার রহমান।
