স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার জঙ্গল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় শিশু দু’টির আনুমানিক বয়স পাঁচ ও তিন বছর।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
গাজীপুর সদর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর খবরের সূত্র ধরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
