বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাবি: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ‘মগ’ প্রতীকে প্রচারণা চালান। এসময় তিনি উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করে তার কাছে ভোট প্রার্থনা করেন।
আফরোজা দুপুরে ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে ভিসি কার্যালয়ে আসেন। এসময় তিনি ভিসির কাছে তার প্রতীকে ভোট দিতে অনুরোধ করেন। নিজেকে সাবেক ঢাবি শিক্ষার্থী জানিয়ে তিনি বলেন, ‘আপনাকে কিন্তু ভোট দিতেই হবে’।
এরপর তিনি প্রো-ভিসি (শিক্ষা) নাসরীন আহমাদের সঙ্গে দেখা করতে যান। তিনি তাকে ও তার পরিবারের সদস্যদের ভোট দিতে অনুরোধ জানান। এসময় তিনি রেজিস্ট্রার ভবনে ঘুরে ঘুরে দেখেন এবং এখানকার কর্মচারীদের মধ্যে লিফলেট বিলি করেন।
এর আগে সকালে আফরোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড, নীলক্ষেত আবাসিক এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এরপর ভিসির সাথে দেখা করে তারপর যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে।
উল্লেখ্য, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালানোর জন্যে এর আগে গত সোমবারও আফরোজা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলেন। সেদিন তিনি টিএসসি হয়ে শিববাড়ী আবাসিক এলাকায় প্রচারণা চালান। বাংলামেইল২৪ডটকম
