স্টাফ রিপোর্টার ॥ ইতিহাস থেকে শিক্ষা না নিলে মোশতাকের মতো খালেদা জিয়ারও একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোরেকট মুহাম্মদ ফজলে রাব্বি মিয়া।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল
ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি নাকি লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করবেন। ষড়যন্ত্রকারী মোশতাকের কথা কী আপনার মনে আছে? ইতিহাস থেকে শিক্ষা নিন। না হলে মোশতাকের মতো আপনার পরিণতি হবে।’
ডেপুটি স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়। একটি ইতিহাস, স্বাধীনতা ও বাংলাদেশ। বেগম খালেদা জিয়া সেই
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে জন্মদিনের কেক কাটেন। অথচ তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত ১৫ আগস্ট কোনো কেক
কাটেননি।’
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০১৫ সালের ১৫ আগস্ট এক নয়। এটা খালেদাকে মাথায় রাখতে
হবে।’
তিনি আরও বলেন,‘ জিয়াউর রহমান ক্ষমতায় এসে শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এটা যদি আগে বুঝতাম তা হলে মুক্তিযুদ্ধে যেতাম না। মুজাহিদ-নিজামীরা মন্ত্রী হয়, এটা বড় লজ্জার।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ্যপুস্তকে যতটুকু রাখা যায়
তার ব্যবস্থা করুন।’
সংগঠনের মহাসচিব সালাম মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বিশ্ব বাঙালি সম্মেলন সভাপতি কবি মো. আব্দুল খালেক প্রমুখ।
