Skip to content

বার্সাকে আশ্বস্ত করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়, নেইমারকে বার্সেলোনা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ভেড়ানোর জন্য যাবতীয় পরিকল্পনা সেরে ফেলেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। নেইমারও নাকি ন্যু-ক্যাম্প ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। এই গুঞ্জন ভেসে বেড়াতে না বেড়াতেই বার্সা সভাপতি নেইমারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন।

এতোদিন চুপই ছিলেন নেইমার। তবে এবার তিনি মুখ খুললেন। তার ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর যেই গুঞ্জন উঠেছে তাতে জল ঢেলে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানান, এই ব্যাপারে চাইলে বার্সা সমর্থকরা শান্ত ও নির্ভার থাকতে পারেন। পাশাপাশি বার্সেলোনাতেই তিনি সুখে রয়েছেন বলে জানান।

প্রায় মাস খানেক ইনজুরির কারণে দলের বাইরে থাকার পর শনিবার লা লিগা ম্যাচ দিয়ে মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামেন নেইমার। মালাগার বিপক্ষে ১-০ গোলে কাতালানরা জয় পাওয়ার পর ম্যাচ শেষে বার্সেলোনা সমর্থকদের আশ্বস্ত করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

শনিবার ম্যাচ শেষে টিভি-৩ কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে নেইমার বলেন, ‘বার্সা সমর্থকরা চাইলে শান্ত ও নির্ভার হতে পারেন। আমি যখন প্রথম এই সংবাদ শুনি তখন আমার বিরক্ত লাগছিল। আমি এটি শোনার পর তা নিয়ে মাথা ঘামাইনি এবং শান্তই ছিলাম। আমি বার্সাতেই সতীর্থদের সঙ্গে সুখে আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো দাবি করে, ২৪০ মিলিয়ন পাউন্ডের বিশাল অর্থের বিনিময়ে নাকি নেইমানকে বার্সা থেকে কিনে আনবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এসব গুঞ্জনে কান না দিয়ে আপাতত মেসি ও সুয়ারেজের সঙ্গে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর ‘ত্রিমূর্তি’ হওয়ার চিন্তাই মাথায় রয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের।

নেইমার বলেন, ‘আমরা আরেকটি অসাধারণ মৌসুম কাটাতে চাই। আমি জানি না গত মৌসুমের মতো এবারও আমরা অনেকগুলো গোল করতে পারবো কী-না। তবে আমাদের চেষ্টা তেমনই থাকবে। আমারা দলের জন্য আরো অনেক শিরোপা চাই।’

প্রসঙ্গত, গত মৌসুমে মেসি, নেইমার ও সুয়ারেজ (এমএনএস) জুটি মিলে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ১২২ গোল করেন। এর মধ্যে মেসি ৫৮, নেইমার ৩৯ ও সুয়ারেজ করেন ২৫ গোল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫