Skip to content

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৩৭ অভিবাসনপ্রত্যাশী নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: লিবিয়ার উপকূলে নতুন করে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। ভূমধ্যসাগরে ওই নৌ দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন প্রাণ হারিয়েছে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

ত্রিপোলি থেকে রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহামাদ আল মিসরাতি জানিয়েছেন, তারা রোববার সকালে ত্রিপোলির পূর্বাঞ্চলীয় খোমস উপকূলে নৌকাটি ডুবে গেছে বলে খবর পেয়েছেন। তিনি আরো জানাচ্ছেন, ‘খোমস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের সাতটি লাশ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কত জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন তার বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।’

পরে মিসরাতি জানান, স্থানীয় জেলেরা সাগর থেকে আরো ৩০টির মত মৃতদেহ উদ্ধার করেছে। রেডক্রিসেন্ট কর্মীরা আরো লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে নৌকা স্বল্পতার কারণে তাদের সে প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাওয়ারা শহরের কাছে অবৈধ অভিবাসীদের বহনকারী আরো একটি নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় দুই শতাধিক যাত্রী প্রাণ হারিয়েছিলেন। ডুবে যাওয়া ওই নৌকাটির আরোহীদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশসহ পাকিস্তান, সিরিয়া, মরক্কো ও বাংলাদেশের নাগরিকও ছিলেন।

চলতি বছর এ পর্যন্ত আড়াই হাজারেরও বেশি ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। তবে এ হিসেবে গত ৪৮ ঘন্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের এখানে ধরা হয়নি। গতবছর সাগরে ডুবে প্রাণ হারিয়েছিল সাড়ে তিন হাজার অভিবাসনপ্রত্যাশী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫