স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: দেশে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ৬ হাজার ৮৬৪ শিক্ষা প্রতিষ্ঠানের শুমারি।
বুধবার নগরীর শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনে এ শুমারির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (এনএসডিসি) ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) প্রতিষ্ঠান শুমারি-২০১৫’ এর আওতায় এ শুমারি বাস্তবায়ন করবে।
বিবিএস জানায়, এ শুমারির মূল লক্ষ্য হলো, প্রতিষ্ঠানিকভাবে যেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেয়ার সুযোগ আছে সেসব প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরা। প্রতিষ্ঠানের ধরণ, মালিকানা, শিক্ষার্থীর সংখ্যা, ল্যাব, চাকরির সুবিধা ইত্যাদি তুলে ধরা।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে দক্ষ জনবলের অভাব। পৃথিবীর বিভিন্ন দেশ নার্সিংয়ের ওপরে প্রশিক্ষণ দিয়ে বাইরে পাঠায়। আমাদের দেশে নার্সদের প্রশিক্ষণের অভাব আছে। যদিও প্রাইভেট খাতে অনেক হাসপাতাল আছে, সেখানে নার্সিংয়ের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। তারপরও আমরা বাইরে নার্স পাঠাতে পারি না। আমাদের দেশের নার্সদের পেটে পিস্তল দিয়ে গুলি করলেও তাদের মুখ দিয়ে ইংরেজি বের হবে না।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আইএমইডি সচিব শহিদ উল্লা খন্দকার, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, আরাস্তু খান, হুমায়ুন খালিদ বিবিএস সচিব কানিজ ফাতেমা প্রমুখ।
