Skip to content

‘লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না’

স্টাফ রিপোর্টার ॥

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে শেরে বাংলা নগরে সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান স্বৈরাচার সরকার দেশের মানুষের উপর একনায়কতন্ত্র শাসন চাপিয়ে দিয়েছে। এই সরকারের অধীনে কখনো কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া দেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

বিএনপি কি পারে আর কি পারে না তা অতীতে প্রমাণিত হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার পুলিশ ছাড়া একটা নির্বাচন করুক দেখা যাবে কে বেশি জনপ্রিয়?

মহানগরের নতুন কমিটিই স্বৈরাচার সরকার পতনে ভূমিকা রাখবে মন্তব্য করে তিনি বলেন, ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নতুন কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয় ঘটেছে। আগামীদিনের যে কোন আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমানসহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫