Skip to content

‘রোনালদো অপরিহার্য নয়’

স্পোর্টস ডেস্ক ॥
কোনো ক্লাবের জন্য কোনো নির্দিষ্ট খেলোয়াড় অপরিহার্য নয় বলে মনে করেন লুইস ফিগো। এমন কি ক্রিস্টিয়ানো রোনালদোও রিয়াল মাদ্রিদের জন্য অপরিহার্য নয় বলে মনে করেন তিনি। একজন খেলোয়াড়ের চেয়ে ক্লাব অনেক বড় বলে মন্তব্য তার। সম্প্রতি স্পেনে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। কিন্তু কর ফাঁকির অভিযোগে রোনালদোর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে রাগে-ক্ষোভে তিনি স্পেন ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। এমনটা হলে রিয়াল মাদ্রিদ তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে হারাবে। এই মানের একজন খেলোয়াড়কে হারালে মাঠে তাদের নৈপুণ্যে ভাটা পড়তে পারে। বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদ ও ক্লাবটির ভক্তরা চিন্তিত। এমন কি রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেও বিষয়টি নিয়ে চিন্তিত। যেকোনো মূল্যে তিনি রোনালদোকে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় লুইস ফিগো মনে করছেন, নির্দিষ্ট কোনো খেলোয়াড় রিয়ালের জন অপরিহার্য নয়। রোনালদোর স্বদেশি সাবেক এ তারকা ফুটবলার বলেন, ‘কেউই অপরিহার্য নয়। এটা শুধু রোনালদো নয়, সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্লাব কখনো একজনের ওপর নির্ভর করতে পারে না। ক্লাবের ইতিহাস সবার ওপরে ক্লাব। ফুটবলার অথবা প্রেসিডেন্ট যেই হোক-তার ওপরে ক্লাব।’
রোনালদোর মাদ্রিদ ছাড়ার গুঞ্জণ উঠলেও এ সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেন ফিগো, ‘কারো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি সে সত্যিই এটা করতে চায় তাহলে হয়তো শেষ পর্যন্ত কিছু একটা ঘটবে। কিন্তু এটার জন্য অনেক কিছুই হতে হবে। আমার মনে হয় না, শেষ পর্যন্ত সে রিয়াল ছাড়বে।’ স্পেনের শীর্ষ দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ- দুই ক্লাবেই খেলেছেন পর্তুগিজ তারকা ফিগো। ১৯৯৫ থেকে ২০০০ সালের মধ্যে বার্সেলোনার হয়ে ২৪৯ ম্যাচে করেন ৪৫ গোল। এরপর ২০০৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে করেন ২৩৯ ম্যাচে ৫৭ গোল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫