Skip to content

প্রিয়-অপ্রিয় প্রশ্নের উত্তর দিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক ॥
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। আগামী ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করবেন তিনি। ১০ মাস মেয়াদে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের ক্ষমতায় থাকবেন দাদা।

এত বড় দায়িত্ব নেয়ার আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সব প্রিয়-অপ্রিয় প্রশ্নের উত্তর সোজা ব্যাটেই দিলেন সৌরভ। বললেন, সব কিছু ঠিক করার জন্য ১০ মাসই যথেষ্ট।

দুর্নীতির জেরে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে বিসিসিআই। একে চাঙ্গা করাই অন্যতম লক্ষ্য সৌরভের। সভাপতি হিসেবে কার্যপদ্ধতি পরিচালনার জন্য মাত্র ১০ মাস সময় পাবেন তিনি। সব কিছু ঠিক করার জন্য এ সময়ই যথেষ্ট বলে দাবি করেছেন মহারাজ।

দায়িত্ব হাতে নিয়েই বোর্ডের ড্যামেজ কন্ট্রোল করা প্রথম কাজ হবে সৌরভের। শুরুর ক’মাস বিসিসিআইকে নিজের মতো করে তৈরি করতে চান তিনি।

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভের বৈরিতা কারও অজানা নয়। সেই ব্যাপারে প্রশ্ন করা হলে দেশটির ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেন, ব্যক্তিগত এজেন্ডা নিয়ে নাড়াচাড়া করার ইচ্ছা আমার নেই। ভারতীয় ক্রিকেটকে সেবা করাই আমার মুখ্য উদ্দেশ্য।

অনেকের মতে, বিজেপির সমর্থনে বিসিসিআইয়ের সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন সৌরভ। শিগগির রাজনৈতিক জীবনের সূচনা করবেন তিনি।

তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রিন্স অব ক্যালকাটা। সাফ জানিয়ে দিয়েছেন, ভারতীয় ক্রিকেটের উন্নতি করাই তার লক্ষ্য।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫