স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস ঠেকাতে সাবধানতার কোনো মাইর নাই। সাবধানতা অবলম্বন করলেই কেবল এই ভাইরাসকে ঠেকানো যাবে। শুধু ভ্যাকসিনের মাধ্যমে যে করোনা ঠেকানো যাবে তা না।
তিনি বলেন, আপনারা আমেরিকার প্রেসিডেন্টের কথা ভাবেন, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস কাউকে ছাড়ছে না। ব্রিটিশ প্রাইম মিনিস্টারও আক্রান্ত হয়েছিলেন। সেখানে বাংলাদেশ করোনাভাইরাসকে অনেক নিয়ন্ত্রণে রেখেছে। যদি স্বাস্থ্যবিধি বলে মেনে চলি তাহলে আমরা ভালো থাকব।
রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে এ ক্যাম্পইনের উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু করেন। এর সূচনা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে। স্বাধীনতার পরপরই দেখা গেছে, চার শতাংশের বেশি শিশু রাতকানা রোগে ভোগে। অনেকে অন্ধত্ববরণ করে। পরিবারের জন্য জাতির জন্য তারা বোঝা হয়ে যায়। আজকে সে অবস্থার পরিবর্তন হয়েছে। এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের ফলে আজকে রাতকানা রোগ এক শতাংশের নিচে। আমরা আশা করছি, আগামী দিনে এই রোগ আর থাকবে না।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সারাদেশে প্রায় দুই লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আমাদের প্রায় এক লাখ ২০ হাজার সেন্টার রয়েছে যেখানে ‘এ’ ভিটামিন খাওয়ানো ব্যবস্থা রয়েছে। সেখানে শিশুর মায়েরা তাদের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবেন। আজকে থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহারা বানু, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আহমেদ মুয়াজ, কোভিড জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদ্ল্লুাহ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
আজ থেকে শুরু হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে সারাদেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এবার এক লাখ ২০ হাজার সেন্টারে দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্থায়ী কর্মীরা এই ক্যাপসুল খাওয়াবেন। এ ক্ষেত্রে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ২৪ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সের এক কোটি ৯৩ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।
