মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মহড়ায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
মহড়ায় অগ্নিনির্বাপণ, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা ও নৌদুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্ঘটনার সময় করণীয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়ে শিক্ষক—শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম পিএফএম বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। দুর্ঘটনা বা দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি অনুযায়ী নিরাপদ পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। এ সময় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক নাগরিকের সচেতনতা ও প্রস্তুতি জরুরি। যথাযথ প্রশিক্ষণ, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমরান আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মবিনুর রহমানসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। এ সময় শিক্ষক—শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
